
ট্রেন থেকেই সকন্যা উধাও রাজ্যে প্রতিমন্ত্রী পরেশ অধিকারী
রাতে ট্রেনে উঠেছিলেন মেয়েকে নিয়ে। ট্রেনের ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখিও হন। সেই ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা এসে পৌঁছানোর পরে দেখা গেল ট্রেন থেকে উধাও মন্ত্রী ও তাঁর কন্যা। এমনকি নেই তাঁর কোনও নিরাপত্তারক্ষীও। আর তার জেরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খোঁজ খোঁজ খোঁজ, মন্ত্রী হল নিখোঁজ। তবে সূত্রে জানা গিয়েছে, সকন্যা মন্ত্রী নেমে গিয়েছেন বর্ধমান স্টেশনে। সেখান থেকে সড়কপথে তিনি এসেছেন কলকাতায়। উদ্দেশ্য সংবাদমাধ্যমের হামলে পড়া বাইট ভিডিও’র শিকার না হওয়া। নজরে রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের ঘটনাতেও তদন্ত করবে সিবিআই। কেননা খোদ মন্ত্রীর মেয়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ উঠেছে। নম্বর কম থাকা সত্ত্বেও তাঁকে একটি স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়েছে। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা।

