প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

হাইকোর্টের নির্দেশের সূত্র ধরে প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। খবর পাওয়া গিয়েছে, পরেশের বিরুদ্ধে ভারতীয় আইনের ১২০বি, ৪২০ ও দুর্নীতি মোকাবিলা আইনের ৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ধারাগুলিতে রয়েছে ষড়যন্ত্র, প্রতারণা ও জনপ্রতিনিধি হয়ে ঘুষ নিয়ে বেআইনি ভাবে কোনও কাজ করার অভিযোগ।এ দিকে খবর পাওয়া গিয়েছে, পরেশ অধিকারী কোচবিহারে আছেন এবং স্পাইস জেটের বিমানে আজই তিনি কলকাতায় আসছেন। বিমানটি কলকাতা পৌঁছবে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ। SG3230 ফ্লাইটে তিনি কলকাতায় আসবেন। ই-মেইল মারফত মন্ত্রীর আইনজীবী আদালতকে এমনটাই জানিয়েছেন। বিকেল ৫টা-তে বাগডোগরা থেকে ফ্লাইট ছাড়ার কথা। সন্ধ্যে ৬:৩০ র পর সেই বিমান দমদমে পৌঁছলে কোলকাতা বিমানবন্দর থেকে পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে পৌঁছে দেবে বিধাননগর পুলিশ। তবে পরেশ অধিকারী কোনও ভাবে আজ বিমানবন্দরে না এসে পৌঁছলে আদালত কড়া পদক্ষেপ করবে বলেও জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরেশ অধিকারীর আইনজীবীর ই -মেল-এর পরেই বিধাননগর পুলিশ কমিশনারকে বিমানবন্দরে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়। যাতে বিমানবন্দরে পরেশ অধিকারী নামলেই বিধাননগর পুলিশ বিমানবন্দর থেকেই তাঁকে সিবিআই অফিসে পৌঁছাতে সাহায্য করে তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

error: Content is protected !!