
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার
প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হল মামলা । আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে সম্প্রতি ২৬৯ জনকে নতুন করে নিয়োগ করেছিল। সেই নিয়োগ বেআইনি বলে উল্লেখ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিচারপতি তাঁর নির্দেশে জানান, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ করেছে, তার জন্য কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি । ২০১৪ সালে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল । ২০১৬ সালে প্রায় ৪০ হাজার প্রার্থীকে নিয়োগ করা হয় । পরে দেখা যায়, টেট পরীক্ষার একাধিক প্রশ্নের উত্তরে ভুল ছিল । একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে । হাইকোর্ট নির্দেশ দেয়, মামলাকারী প্রার্থীদের নম্বর দিয়ে যোগ্য বিবেচিত হলে চাকরিতে নিয়োগ করতে হবে । সেই মতো ২৬৯ জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

