
জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করলেন দ্রৌপদী মুর্মু ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে এবং দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, এদিন তাঁদেরও শ্রদ্ধা জানান তিনি ৷ এদিন রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্রের আসল ক্ষমতা কী, তা বিশ্বকে বুঝিয়েছে ভারত ৷ দেশের বৃদ্ধি আরও সুসংহত হয়েছে ও বৈষম্য দূর হচ্ছে ৷ স্বাধীনতার এই বিশেষ দিনেই ঔপনিবেশিক শাসনকে উৎখাত করে, আমরা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে শিখেছিলাম ৷ স্বাধীন ভারতের জন্য যে পুরুষ, মহিলারা প্রাণ দিয়েছিলেন তাঁদের সকলকে আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই ৷” দ্রৌপদী মুর্মু এদিন আরও বলেন, “ভারতে গণতন্ত্রের শিকড় যে শুধু আরও মজবুত হয়েছে তাই নয়, এটি সমৃদ্ধও হয়েছে ৷ বিদেশি শাসকের বহু বছরের অত্যাচার সত্ত্বেও আমরা অনেকাংশে দারিদ্রতা ও অশিক্ষা থেকে বেরিয়ে আসতে পেরেছি ৷”

