শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটকে খুনের অভিযোগে গ্রেফতার ২ সঙ্গী

বিজেপি নেত্রী সোনালি ফোগাটের শরীরে ভোঁতা কিছু জিনিস দিয়ে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এমন আঘাতের কথা উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে, আঘাতের ধরন নিয়ে পুলিশ মুখ খুলতে চায়নি। পুলিশ ইতিমধ্যেই হরিয়ানার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালির দুই সঙ্গীকে গ্রেফতার করেছে। টিকটক খ্যাত সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর সাঙ্গোয়াঁ এবং অভিনেত্রীর গোয়া সফরের এক সঙ্গী সুখবিন্দর ওয়াসিকে আঞ্জুনা থানার পুলিশ গ্রেফতার করে। প্রথমে হার্ট অ্যাটাকে সোনালির মৃত্যু হয়েছে বলে তাঁর সঙ্গীরা জানালেও রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণকারী অভিনেত্রীর ভাই রিঙ্কু ঢাকা গোয়া পুলিশের কাছে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন। তিনি এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন। ভাইয়ের অভিযোগ, গত ২৩ অগাস্ট মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোনালি তাঁর মা, বোন ও জামাইবাবুর সঙ্গে কথা বলেছিলেন। সোনালির ব্যক্তিগত সহকারী তাঁর খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করেছে বলে রিঙ্কুর অভিযোগ। এমনকী সোনালির গোয়া যাওয়ার কোনও কথাই ছিল না, পূর্ব পরিকল্পনা করে তাঁকে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, ওখানে কোনও ছবির শ্যুটিং হয়নি। দুদিনের জন্য হোটেলে দুটি ঘর ভাড়া নেওয়া হয়েছিল। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ সোনালির দুই সঙ্গীকে থানায় ডেকে পাঠায় এবং পরে তাদের গ্রেফতার করে। রিঙ্কুর অভিযোগ, এই দুজনের একজন তিন বছর আগেও সোনালির খাবারে মাদক মিশিয়ে তাঁকে আচ্ছন্ন করে যৌন নিগ্রহ করেছিল। 

error: Content is protected !!