
২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
২ হাজার টাকার নোট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে আর বাজারে ছাড়া হবে না ২ হাজার টাকার নোট। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২ হাজার টাকার নোট। অর্থাৎ পয়লা অক্টোবর থেকে আর বৈধ থাকবে না ২ হাজার টাকার নোট। তবে যাদের কাছে ২ হাজার টাকার নোট রয়েছে তাদের ঘাবড়ানোর কোনও কারণ নেই বলেও রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে। ২ হাজার টাকার নোট বদলে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে ২ হাজার টাকার নোট জমা দিয়ে তার পরিবর্তে সম পরিমাণ টাকা অন্যান্য নোটে বদলে নিতে পারবেন। তবে একজন ব্যাক্তি সর্বাধিক ২০,০০০ টাকা মূল্যের ২ হাজার টাকার নোট বদলে নিতে পারবেন। অর্থাৎ প্রত্যেককেই ১০টি ২ হাজার টাকার নোট বদলানোর সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকাই জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজারে চালু মহাত্মা গান্ধির সিরিজের ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। পরিবর্তে বাজারে নিয়ে আসা হয়েছিল ২ হাজার টাকার নোট। মোদি সরকারের তুঘলকি সিদ্ধান্তে কার্যত ধসে পড়েছিল দেশের অর্থনীতি।



