অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অতিবৃষ্টির জেরে নাজেহাল বেশ কয়েকটি রাজ্য। বিশেষত গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি চলতে থাকায় অসমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যটন মরশুমে বৃষ্টির কারণে সিকিমের বহু জায়গায় ধস নেমেছে। সড়ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে বহু এলাকা। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ জ্বালাপোড়া গরমের পর সোমবার সকালে রাজধানী দিল্লি ও কলকাতায় স্বস্তির বৃষ্টি নামে। এছাড়াও তামিলনাড়ু, রাজস্থানে ব্যাপক বৃষ্টি হয়েছে। রবিবার সারারাত ধরে অতি ভারী বৃষ্টি হয়েছে অসমে। যার ফলে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া দফতর অতি ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়ে লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, প্রায় ৩৫ হাজার মানুষ বন্যা দুর্গত। কাছাড়, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, শোণিতপুর, তিনসুকিয়া এবং উদালগুরিতে বহু মানুষ ভাসছেন। এর মধ্যে লখিমপুরের অবস্থা শোচনীয়। সেখানে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। ডিব্রুগড়ে আনুমানিক ৪ হাজার এবং তিনসুকিয়ায় আড়াই হাজারের বেশি মানুষ বন্যা দুর্গত হয়ে রয়েছেন। ১৪২টি গ্রাম জলের তলায় ডুবে রয়েছে এবং ১৫১০.৯৮ হেক্টর জমির শস্যের ক্ষতি হয়েছে। বন্যার জলের তোড়ে বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। রাজ্যের বহু সড়ক, সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। অনেক জায়গায় ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপর দিয়ে বইছে।

error: Content is protected !!