গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২

গভীর রাতে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এক বহুতলের চারতলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল, রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আচমকাই ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনটি কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিস সূত্রে খবর, ওই কাপড়ের গোডাউনের উল্টো দিকে ছিল একটি ঘর। তাতে ভাড়া থাকতেন কিষাণ পণ্ডিত নামের এক পুরোহিত। গতকাল, রবিবার তাঁর সঙ্গেই ওই ঘরে ছিলেন সুনীল শাস্ত্রী। এই অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢেকে যায় চারতলাটি। আর সেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। সূত্রের খবর, আগুন যখন লাগে তখন ঘুমাচ্ছিলেন কিষাণ ও সুনীল। মুহূর্তে চারতলার সমস্ত ঘর কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছু বুঝে ওঠার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। তবে ওই কাপড়ের গোডাউনে যারা ছিলেন তাঁদের কোনও ক্ষতি হয়নি। তাঁরা আগুন দেখেই গোডাউন থেকে কোনওক্রমে বেরিয়ে আসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছিল দমকল ও পুলিস। কিষাণ ও সুনীলের মৃতদেহ উদ্ধার করে পুলিসই। তাঁরা ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিস। 

error: Content is protected !!