
ইরান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে আটকে গাইঘাটার যুবক, উদ্বেগে পরিবার
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক যুবক। জাহাজে কর্মরত অবস্থাতেই এই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।গাইঘাটার বাসিন্দা গৌতম দেবনাথ পেশায় একজন নাবিক। একটি পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। জাহাজটি ইরানের আব্বাস বন্দরের কাছে হরমুজ প্রণালীর এলাকায় নোঙর করে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ার কারণে সেই জাহাজ এখন আর সামনে এগোতে পারছে না। ফলে গৌতমসহ জাহাজে থাকা অন্যান্য নাবিকরাও সেখানে আটকে রয়েছেন।পরিবারের সঙ্গে মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করতে পারছেন গৌতম। তিনি জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আশপাশে থাকা একটি জাহাজে মিসাইল হামলার ঘটনাও নাবিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এই ঘটনার পর থেকেই জাহাজে থাকা কর্মীরা আরও বেশি সতর্ক হয়ে রয়েছেন।গাইঘাটায় বসে উদ্বেগে দিন কাটছে গৌতমের স্ত্রী ও পরিবারের সদস্যদের। নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। ফলে পরিবারের উদ্বেগ আরও বাড়ছে।জাহাজে আপাতত খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কবে জাহাজ নিরাপদে যাত্রা শুরু করতে পারবে, তা এখনও স্পষ্ট নয়।পরিবারের আশা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং গৌতমসহ অন্য নাবিকরা নিরাপদে দেশে ফিরতে পারবেন।


