
দুর্গাপুজোর মধ্যেই স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান! দ্রুত বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প দ্রুত চালু করতে বড় নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর মধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের বাছাইয়ের কাজ সম্পূর্ণ করে যোগ্যদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনতে হবে।সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ দফা নির্দেশিকা জারি করেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য একটি ‘ইমপ্লিমেন্টেশন ক্যালেন্ডার’ তৈরি করতে হবে এবং প্রতিটি ধাপের কাজ দ্রুত শেষ করতে হবে। সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা, পরিষেবা প্রদানকারী আধিকারিকদের নাম ও যোগাযোগের তথ্য প্রকাশ করা এবং নিয়মিত জনসংযোগের উপরও জোর দেন তিনি।সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্যসাথী প্রকল্পের যোগ্য উপভোক্তাদের ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। তবে আয়ুষ্মান প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে বলেও জানানো হয়েছে।প্রশাসনের মতে, এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করে তোলা।

