বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেল তৃণমূলের প্রতিনিধি দল, পুলিশের অনুমতি পেলেন শুধুই সায়নী ঘোষ

বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছাল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহা। তবে এলাকায় প্রবেশকে ঘিরে পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাগবিতণ্ডার পর এলাকার সাংসদ হওয়ায় শুধুমাত্র সায়নী ঘোষকেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।সায়নী ঘোষ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বাইরে অপেক্ষমাণ প্রতিনিধি দলের সদস্যরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাঁরা বারুইপুরে এসেছেন। তাঁদের বক্তব্য, এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে তাঁরা দাবি করেন, এই কঠিন সময়ে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোই তাঁদের মূল উদ্দেশ্য।প্রতিনিধি দলের সদস্য কাকলি ঘোষ দস্তিদার সংবাদমাধ্যমকে বলেন, সরকার ও দল দুই-ই চায় নির্যাতিতার পরিবার যেন ন্যায়বিচার পায়। তিনি জানান, তদন্তের অগ্রগতি নিয়ে প্রশাসন নজর রাখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, এর আগের দিনও তৃণমূলের আরেকটি প্রতিনিধি দল বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিল। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ এখনও অব্যাহত রয়েছে।

error: Content is protected !!