ভিক্টোরিয়ায় পৌঁছল টিবিএম ‘দুর্গা’, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে বড় সাফল্য

কলকাতার বহু প্রতীক্ষিত জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডর নির্মাণে এল আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’ সফলভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছেছে। শুক্রবার থেকেই এই অংশে পরবর্তী ধাপের সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হবে।বর্তমানে জোকা-এসপ্ল্যানেড করিডরে দুটি অত্যাধুনিক টানেল বোরিং মেশিন—‘দুর্গা’ এবং ‘দিব্যা’—কাজ করছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ জোড়া সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে রয়েছে এই দুই মেশিন। ‘দুর্গা’ পার্ক স্ট্রিটমুখী সুড়ঙ্গ খনন করছে, আর ‘দিব্যা’ জোকামুখী লাইনে কাজ করছে।মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন প্রজন্মের এই টিবিএমগুলি অত্যন্ত নিরাপদ ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন। প্রতি মিনিটে প্রায় ৮০ মিলিমিটার পর্যন্ত খনন করতে সক্ষম এই মেশিনগুলিতে রয়েছে একাধিক উন্নত নিরাপত্তা ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী, ‘দুর্গা’-র টানেল খনন ২০২৬ সালের ডিসেম্বর এবং ‘দিব্যা’-র ব্রেকথ্রু ২০২৭ সালের মার্চে সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রাখা হয়েছে।জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প সম্পূর্ণ হলে দক্ষিণ কলকাতার সঙ্গে শহরের কেন্দ্রের যোগাযোগ আরও দ্রুত, সহজ ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। এই অগ্রগতি সেই লক্ষ্যপূরণের দিকেই আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

error: Content is protected !!