
একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূলের রাজ্য সভাপতি, শহিদদের শ্রদ্ধায় সমাবেশে যোগদানের আহ্বান
২১শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। এই ঐতিহাসিক দিন উপলক্ষে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করলেন দলের রাজ্য সভাপতি। প্রস্তুতি ঘুরে দেখার পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সময় কাটিয়ে তিনি শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আগামীকালের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, “একুশে জুলাই মানেই নতুন প্রভাত, নতুন স্বপ্ন এবং অপরাজেয় সংগ্রামের অঙ্গীকার। এই রক্তস্নাত দিন আমাদের গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেয়। শহিদদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা।”দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসে কোনও পদের অহংকার নেই, সকলেই দলের একজন সাধারণ সৈনিক। দলের প্রকৃত শক্তি হল তৃণমূল স্তরের কর্মী-সমর্থকেরা, যাঁদের পরিশ্রম ও নিষ্ঠার উপরই সংগঠনের ভিত দাঁড়িয়ে রয়েছে।তিনি আশা প্রকাশ করেন, ২১শে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতায় উপস্থিত হবেন। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে আসবেন, তাঁদের নিরাপদ ও সতর্কভাবে যাত্রা করার আবেদনও জানান তিনি।তাঁর বক্তব্যের শেষে তিনি সকল কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান, শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গণতন্ত্র রক্ষার অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে ২১শে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ করুন।

