
পিঠে ছোট বোনকে বেঁধে মা-বাবার খোঁজে খুদে দাদা, নেপালের ভয়াবহ বিপর্যয়ের ভিডিও কাঁদাচ্ছে নেটদুনিয়াকে
ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালে সামনে এল হৃদয়বিদারক এক ভিডিও। পিঠে ছোট বোনকে বেঁধে বিধ্বস্ত রাস্তায় মা-বাবার খোঁজে ঘুরে বেড়াচ্ছে এক খুদে। ভাইরাল সেই ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। নেপালের বিপর্যস্ত রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলেটিকে। তার পিঠে বাঁধা দুধের শিশুর মতো ছোট বোন। দু’জনেরই মুখ, হাত এবং পা কাদায় মাখামাখি। ক্লান্তির ছাপ স্পষ্ট তাদের চোখেমুখে। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও খুদে দাদা নিজের বোনকে আগলে রেখে মা-বাবার সন্ধান করে চলেছে। ভিডিওতে দেখা যায়, চারপাশে ধ্বংসস্তূপ আর বিপর্যস্ত রাস্তা। সেই পথেই ছোট বোনকে পিঠে নিয়ে এগিয়ে চলেছে শিশুটি। বোনটি পরিস্থিতির কিছুই বুঝতে পারছে না। শুধু কেঁদেই চলেছে। আর দাদার চোখে একটাই খোঁজ—কোথায় তাঁর বাবা-মা? তাঁরা কোথায় রয়েছেন, আদৌ নিরাপদে আছেন কি না, তার কোনও উত্তর নেই। ভাইরাল ভিডিওটি ৩০ আগস্ট সমাজমাধ্যমের এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয়। ভিডিওটি শেয়ার করে জানানো হয়েছে, নেপালের বন্যার পর এক ছোট শিশু তার ছোট বোনকে সামলে বাবা-মায়ের খোঁজ করছে। শিশু দুটির নাম, পরিচয় বা ঠিকানা এখনও জানা যায়নি। তাদের বাবা-মায়েরও কোনও সন্ধান পাওয়া গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। ভয়াবহ এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় পরমাণু বোমা হামলার পর তোলা সেই ঐতিহাসিক ছবির কথা, যেখানে এক শিশু নিজের মৃত ছোট ভাইকে পিঠে নিয়ে দাঁড়িয়েছিল। সেই ছবির সঙ্গে নেপালের ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন অনেকে। জাপানের ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস’ ছবির দৃশ্যের সঙ্গেও এই ঘটনার তুলনা করা হচ্ছে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতেই এই দুই শিশুর ছবি আরও গভীর উদ্বেগ তৈরি করেছে। ভাইরাল ভিডিও দেখে সমাজমাধ্যমে বহু মানুষ শিশু দুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বাবা-মায়ের দ্রুত সন্ধান মিলুক এবং দুই ভাই-বোন নিরাপদ আশ্রয় পাক—এই প্রার্থনাই করছেন নেটিজেনরা। তবে ভিডিওটির সত্যতা ও শিশু দুটির বর্তমান অবস্থান সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনও তথ্য এখনও সামনে আসেনি।

