লখনউতে নামতে গিয়ে মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের, পরে নিরাপদে অবতরণ

বিমান বিভ্রাটের মুখে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লি থেকে লখনউ যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমান নির্ধারিত সময়ে লখনউ বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। রাহুল গান্ধীর এয়ার ইন্ডিয়ার AI-1717 বিমানটির বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ লখনউ বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু অবতরণের সময় আবহাওয়া অনুকূল না থাকায় পাইলট প্রথমবার বিমান নামানোর চেষ্টা স্থগিত করেন। এরপর বিমানটি প্রায় ১০ মিনিট আকাশে চক্কর কাটে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করেন পাইলট এবং এবার সফলভাবে বিমানটি লখনউ বিমানবন্দরে নামানো সম্ভব হয়। রাহুল গান্ধী-সহ বিমানের সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরে নামার পর রাহুল গান্ধী সোজা তাঁর লোকসভা কেন্দ্র রায়বরেলির উদ্দেশে রওনা দেন। সেখানে তাঁর দু’দিনের কর্মসূচি রয়েছে। বিমান চলাচল সংক্রান্ত সূত্রের বক্তব্য, খারাপ আবহাওয়া বা রানওয়েতে কোনও সমস্যা দেখা দিলে বিমানকে কিছু সময় আকাশে অপেক্ষা করিয়ে পরিস্থিতি অনুকূল হলে ফের অবতরণের চেষ্টা করা একটি নিয়মিত প্রক্রিয়া। তাই রাহুল গান্ধীর বিমানের ক্ষেত্রে মাঝআকাশে চক্কর কাটার ঘটনাটিকে প্রাথমিকভাবে কোনও বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে না। তবে বিরোধী দলনেতার বিমানে এই ধরনের সমস্যা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর বিমান নিয়ে বিভ্রাটের খবর প্রকাশ্যে এসেছে। রাহুল গান্ধীর পরিবারের সঙ্গেও বিমান দুর্ঘটনার স্মৃতি জড়িয়ে রয়েছে। ১৯৮০ সালে তাঁর কাকা সঞ্জয় গান্ধী দিল্লিতে বিমান দুর্ঘটনায় মারা যান। তবে সেই দুর্ঘটনার বিমানটি সঞ্জয় গান্ধী নিজেই চালাচ্ছিলেন। এবার লখনউয়ের ঘটনায় অবশ্য বড় কোনও বিপদের খবর নেই এবং দ্বিতীয় প্রচেষ্টাতেই বিমানটি নিরাপদে অবতরণ করায় স্বস্তি ফিরেছে।

error: Content is protected !!