
আই-প্যাক তল্লাশি কাণ্ডে প্রতিবাদ মিছিল, যাদবপুর থেকে নেতৃত্বে মুখ্যমন্ত্রী
কলকাতা: আই-প্যাক (I-PAC) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনার মাঝেই এবার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি, যা দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে এগিয়ে যায়।মিছিলে নেতৃত্ব দিতে দিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হেনস্তা করা হচ্ছে। তাঁর দাবি, আই-প্যাক একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা, সেখানে থাকা নথি ও তথ্য সম্পূর্ণ রাজনৈতিক এবং তার সঙ্গে কোনও আর্থিক দুর্নীতির যোগ নেই। তল্লাশির নামে সেই নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলেই অভিযোগ তোলেন তিনি।মমতার বক্তব্য, “ভোটের আগে রাজ্যের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রের নির্দেশে সংস্থাগুলি রাজ্যে ভয় তৈরি করতে চাইছে।” তিনি স্পষ্ট জানান, এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে লড়াই চলবে রাস্তায় এবং আইনের মধ্যেই।মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা, বিধায়ক, সাংসদ এবং হাজার হাজার কর্মী-সমর্থক। মিছিলে ইডি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।উল্লেখ্য, আই-প্যাক অফিসে ইডির তল্লাশির পরই মুখ্যমন্ত্রী সরাসরি থানায় গিয়ে ইডির বিরুদ্ধে FIR দায়ের করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই মিছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই মিছিল যে তৃণমূলের শক্তি প্রদর্শন এবং কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বার্তা—তা স্পষ্ট। রাজপথ থেকে প্রশাসনিক লড়াই—দু’দিকেই যে মুখ্যমন্ত্রী অনড়, এই মিছিল তারই ইঙ্গিত দিল।


