
রুশ তেল নিয়ে ট্রাম্পের ৩০ দিনের ছাড়, কড়া জবাব ভারতের
রাশিয়ার তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের ছাড় ঘোষণার পর স্পষ্ট বার্তা দিল ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জ্বালানি নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারত কখনও অন্য কোনও দেশের অনুমতির উপর নির্ভর করেনি।সরকারি সূত্রে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থই ভারতের প্রধান অগ্রাধিকার। তাই আন্তর্জাতিক বাজারে যেখানে সবচেয়ে প্রতিযোগিতামূলক দামে তেল পাওয়া যাবে, সেখান থেকেই তেল কিনবে ভারত।সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতকে ৩০ দিনের জন্য রাশিয়ার তেল কেনার ছাড় দেওয়া হচ্ছে। তবে এই প্রসঙ্গে দিল্লির স্পষ্ট বক্তব্য, ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্বাধীন এবং জাতীয় স্বার্থের ভিত্তিতেই নেওয়া হয়।এই মন্তব্যের পরই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নীতিতে নিজের অবস্থান স্পষ্ট করেই বার্তা দিতে চেয়েছে ভারত।


