
কাকিমাকে বিয়ে করতে চেয়ে স্ত্রীকে কাঁচি দিয়ে খুন! সন্তানদের সামনেই নৃশংস কাণ্ড
ভয়াবহ এক পারিবারিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশে। নিজের কাকিমাকে বিয়ে করার ইচ্ছা থেকে শুরু হওয়া পারিবারিক বিবাদ শেষ পর্যন্ত রক্তাক্ত পরিণতি পেল। অভিযোগ, বিবাহবিচ্ছেদে রাজি না হওয়ায় স্ত্রীকে সন্তানদের সামনেই কাঁচি দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাফিজ। তিনি স্থানীয়ভাবে একটি ওষুধের দোকান চালাতেন। তাঁর স্ত্রী নাজমা একজন আশাকর্মী ছিলেন। দম্পতির চার সন্তান রয়েছে এবং প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, নাফিজ তাঁর নিজের কাকিমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন এবং তাঁকেই দ্বিতীয়বার বিয়ে করতে চাইছিলেন। কিন্তু স্ত্রী নাজমা এই বিয়েতে বাধা দেন এবং ডিভোর্স দিতে রাজি হননি। এই নিয়েই প্রায়ই ঝগড়া হত তাঁদের মধ্যে।রবিবার রাতে নাফিজ তাঁর স্ত্রীর ভাড়া বাড়িতে যান। সেখানে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। হঠাৎই ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে নাজমাকে একাধিকবার আঘাত করেন তিনি। ঘটনাটি ঘটে তাঁদের সন্তানদের সামনেই, যা গোটা এলাকাকে স্তম্ভিত করে দেয়।রক্তাক্ত অবস্থায় নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত নিজেও কাঁচি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করেন।পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তদন্তকারীরা ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দিকও খতিয়ে দেখছেন এবং অভিযুক্তের সঙ্গে সম্পর্ক থাকা ওই কাকিমাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।


