মেক্সিকোতে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ১৮, আহত ২০

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন ১৮ যাত্রী। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারত, ডমিনিক রিপাবলিক-সহ বেশ কয়েকটি দেশের ৪২ যাত্রীকে নিয়ে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানায় যাচ্ছিল একটি বাস। নায়ারিত প্রদেশের রাজধানী টোপিকের বাররাঙ্কা ব্লাঙ্কের কাছে বাঁক নিতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ১৩১ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্য শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বাসটি ১৩১ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিল তাই উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খেয়েছেন উদ্ধারকারীরা। ১৮ জনকে মৃত ও ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কারও পরিচয় শনাক্ত হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির গতিবেগ বেশি থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে দায়িত্বে গাফিলতির দায়ে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!