
বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করে ১০০ দিনের টাকা চান, দান চাওয়া হচ্ছে না, এই টাকা হকের: অভিষেক
কেন্দ্র আটকে রেখেছে ১০০ দিনের টাকা। সেই টাকা আদায়ে তৃণমূল প্রস্তুতি নিয়েছে বৃহত্তর আন্দোলনের। সেই আন্দোলনে আপামর বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলাবাসীকে সামিল হতে আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, বিজেপি নেতাদের দেখাতে পেলেই তাঁদের ঘেরাও করে ১০০ দিনের টাকা চান। এদিন বাঁকুড়ার ওন্দার সভা থেকে তিনি বলেন, লড়াই করতে মাঠে নামুন। ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া আদায়ে তৃণমূলের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, বিজেপি নেতা দেখতে পেলেই তাঁকে ঘিরে বলুন, পরে আপনারা ভোট চাইবেন। আগে ১০০ দিনের বকেয়া টাকা দিন। সেই আন্দোলনে মানুষের পাশে তিনি নিজে দাঁড়াবেন বলেও প্রতিশ্রুতি দেন। তিনি এও বলেন, দান চাওয়া হচ্ছে না। এই টাকা হকের-মেহনতের। বলেন, ‘মানুষ কাজ করে বসে রয়েছে’, সেই টাকা চাওয়া হচ্ছে। ১০০ দিনের কাজ প্রকল্পে ২০ লক্ষ মানুষের প্রাপ্য টাকা বকেয়া। তা আদায়ে আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে সই সহ ১ কোটি চিঠি সংগ্রহ। ৫০ হাজার লোক নিয়ে দিল্লি গিয়ে কৃষি ভবনের সামনে অবস্থানের হুঁশিয়ারি দেন তিনি।

