
‘বিজেপিকে মদত দিচ্ছে বিচারব্যবস্থার একাংশ’, বিস্ফোরক মন্তব্য অভিষকের
শুক্রবার এসএসকেএমে ভর্তি নন্দীগ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপরে বিজেপির তিন নেতা মেঘনাদ পাল, অশোক করণদের নেতৃত্বে হামলা চলেছে। অভিযুক্তদের নামের তালিকা নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সেই তালিকা দেব।’ পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না জানতে চাওয়া হলে ক্ষুব্ধ কণ্ঠে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘পুলিশ কী করে ব্যবস্থা নেবে? সমাজবিরোধীদের সুরক্ষা দিয়ে রেখেছে আদালত। বিজেপির গুন্ডাদের রক্ষাকবচ দিয়ে রেখেছেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি। বিজেপিকে সরাসরি মদত দিচ্ছে বিচারব্যবস্থার একাংশ।’ তিনি আরও বলেন, ‘যাঁদের জেলে থাকা উচিত, তাঁদের সাহায্য, মদত দিয়ে পুলিশ এবং প্রশাসনের হাত কার্যত বেঁধে দিচ্ছে কলকাতা হাইকোর্ট, যাতে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা, দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করা যায়। একটাই বেঞ্চ শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন দিয়েছে, তাঁর অনুগামীদের নিরাপত্তা দিয়েছে। আজকের এই পরিস্থিতির জন্য কেউ দায়ী হলে, তা কলকাতা হাইকোর্টের মাননীয় এক বিচারপতি। বিচারব্যবস্থাকে কলুষিত করেছেন।’

