
বাংলার ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
বঙ্গোপসাগরে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় ৯ জন মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সাত দিন পর পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে রওনা দেওয়া দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূলে উদ্ধার হওয়ার পর এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।সোমবার এক্স (প্রাক্তন টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় ট্রলারডুবির ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” একইসঙ্গে তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং প্রত্যেক আহতকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।এদিকে, সোমবার কাকদ্বীপে মৃত ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উপকূলরক্ষী বাহিনী, প্রশাসন এবং মৎস্যজীবীদের ট্রলার সমুদ্রে নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।উদ্ধার হওয়া ৯টি দেহ কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। তবে দেহগুলি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

