
রাষ্ট্র চেতনা উৎসব ২০২৬: কলকাতায় সঙ্গীত, নৃত্য ও শিল্পকলায় জাতীয় চেতনার উদযাপন
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC), কলকাতা এবং শিল্পধ্বনি সেন্টার অফ পারফর্মিং আর্টস-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রাষ্ট্র চেতনা উৎসব ২০২৬’। সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন পারফর্মিং আর্টসের মাধ্যমে জাতীয় চেতনা, ঐক্য এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই বিশেষ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক পাপিয়া অধিকারী, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের (EZCC) অধিকর্তা অশিস কুমার গিরি-সহ বিশিষ্ট অতিথিরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।এই সাংস্কৃতিক উৎসবে দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, দেশপ্রেম এবং ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যকে শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার জানিয়েছে, দেশের সমন্বিত সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে তারা ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যাবে।

