
জামাকাপড় ছাড়াই ডিনার! ফ্লোরিডার এই রেস্তোরাঁর অভিনব উদ্যোগে তুমুল চর্চা
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হলিউড শহরের একটি স্টেকহাউস অভিনব এক উদ্যোগ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে নির্দিষ্ট দিনে ‘নিউড ডাইনিং এক্সপেরিয়েন্স’-এর আয়োজন করা হচ্ছে, যেখানে অতিথিরা জামাকাপড় ছাড়াই রাতের খাবার উপভোগ করতে পারেন।রেস্তোরাঁটির নাম CLASS Soirée Steakhouse। প্রতি মাসের প্রথম সোমবার এই বিশেষ ডাইনিং ইভেন্টের আয়োজন করা হয়। অতিথিদের জন্য থাকে শ্যাম্পেন, পাঁচ পদের বিলাসবহুল ডিনার এবং একটি ব্যক্তিগত, নিয়ন্ত্রিত পরিবেশ। তবে রেস্তোরাঁর কর্মীরা সম্পূর্ণ পোশাক পরেই পরিষেবা দেন এবং অংশগ্রহণকারীদের জন্য কঠোর আচরণবিধিও রয়েছে।রেস্তোরাঁর মালিক ও শেফ মৌরাদ আলি জানান, ব্যবসায় নতুনত্ব আনতে এবং গ্রাহকদের ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। তাঁর দাবি, এখানে মূল আকর্ষণ শুধুই নগ্নতা নয়, বরং উচ্চমানের খাবার এবং এক ব্যতিক্রমী সামাজিক ডাইনিং অভিজ্ঞতা।এই অভিজ্ঞতায় অংশ নিতে পুরুষদের জন্য ২৫০ মার্কিন ডলার, মহিলাদের জন্য ১৫০ ডলার এবং দম্পতিদের জন্য ৩০০ ডলার ফি নির্ধারণ করা হয়েছে। প্রবেশের সময় অতিথিদের একটি রোব দেওয়া হলেও, সেটি ব্যবহার করা বাধ্যতামূলক নয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, স্থানীয় আইন মেনেই এই আয়োজন করা হচ্ছে এবং শহর প্রশাসনও জানিয়েছে, কর্মীরা পোশাক পরিহিত থাকায় এটি আইনসম্মত।অভিনব এই উদ্যোগকে ঘিরে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে সাহসী ও ব্যতিক্রমী ভাবনা বলে প্রশংসা করছেন, আবার অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

