ইমিগ্রেশন ছাড়াই ৩ ইতালীয়র দেশত্যাগ, অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়পত্র ছাড়াই তিন ইতালীয় নাগরিকের আন্তর্জাতিক উড়ানে চেপে দেশ ছাড়ার ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে সাসপেন্ড করা হল। মঙ্গলবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু জানান, ঘটনার তদন্তে দেখা গিয়েছে, যাত্রীদের বিমানবন্দরের নির্ধারিত পথে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা এয়ার ইন্ডিয়ার কর্মী নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেননি। তদন্তে ওই কর্মীকে দায়ী করার পরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটে চলতি মাসের ৪ সেপ্টেম্বর। অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি পৌঁছন তিন ইতালীয় নাগরিক। এরপর দিল্লি থেকে জার্মানির মিউনিখ যাওয়ার জন্য তাঁদের লুফৎহানসার বিমানে ওঠার কথা ছিল। অভিযোগ, বাধ্যতামূলক ডিপারচার ইমিগ্রেশন সম্পূর্ণ না করেই তাঁদের আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাঁরা মিউনিখগামী বিমানে উঠে পড়েন। বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিস পাঠায় এবং পুরো প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলে। যাত্রীদের বোর্ডিং পাস ইস্যু, দিল্লি বিমানবন্দরে তাঁদের যাত্রাপথ, দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীদের পৃথকীকরণ, সংযোগকারী বিমানবন্দরে যাত্রীদের চলাচল এবং ‘ডিজি-যাত্রা’-র ভূমিকা-সহ পুরো ব্যবস্থাটি পর্যালোচনা করা হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে নিরাপত্তা ও যাচাই ব্যবস্থায় একাধিক স্তরের পরীক্ষা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছিল, কীভাবে ঘরোয়া যাত্রার জন্য নির্ধারিত যাত্রীদের আন্তর্জাতিক ট্রান্সফার এলাকায় পৌঁছে দেওয়া হল এবং কেন তাঁদের বাধ্যতামূলক ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়নি। হাব-অ্যান্ড-স্পোক ব্যবস্থার অধীনে অমৃতসর, বারাণসী ও আহমেদাবাদ থেকে আন্তর্জাতিক সংযোগের সুবিধা চালু করা হয়েছে। এই ব্যবস্থার লক্ষ্য হল ছোট শহর থেকে যাত্রীদের বড় বিমানবন্দরে এনে আন্তর্জাতিক উড়ানে সহজে সংযোগ করানো। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, যাত্রী পরিষেবা সহজ করার পাশাপাশি নিরাপত্তা ও বাধ্যতামূলক ইমিগ্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনও আপস করা যাবে না। দিল্লির এই ঘটনায় সেই ব্যবস্থার একাধিক ধাপে গাফিলতির অভিযোগ ওঠায় এখন পুরো প্রক্রিয়াটিই নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!