বেহালায় বেহাল রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে পথে জনপ্রতিনিধি

দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বীরেন রায় রোড (পশ্চিম)। রাস্তার এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াতে প্রতিদিনই তৈরি হচ্ছে দুর্ভোগ। এবার দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এলাকা পরিদর্শন করলেন ইন্দ্রনীল খান।বেহালা চৌরাস্তা থেকে বেলেডাঙ্গা, শিবরামপুর হয়ে নতুনহাট পর্যন্ত দীর্ঘ রাস্তার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষার সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ।এদিন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে রাস্তার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইন্দ্রনীল খান। সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে ‘যুদ্ধকালীন তৎপরতায়’ রাস্তা সংস্কারের কাজ শুরু করার জন্য আবেদন জানান তিনি।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেহালা চৌরাস্তা থেকে নতুনহাট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচলেও সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টি হলে খানাখন্দে জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।ইন্দ্রনীল খানের দাবি, রাস্তার সংস্কার আর ফেলে রাখা উচিত নয়। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ শুরু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের পর দ্রুত কাজ শুরুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!