অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন

সোমবার সন্ধ্যার পর আচমকাই বদলে যায় কলকাতার আবহাওয়া। শুরু হয় অতি ভারী বৃষ্টি। প্রায় দু’ঘণ্টা টানা মুষলধারে বৃষ্টির জেরে রাতের মধ্যেই মহানগরের উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বহু রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের কয়েকটি এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। বেলগাছিয়ায় এক ঘণ্টায় প্রায় ১৩০ মিলিমিটার এবং মধ্য কলকাতার ঠনঠনিয়ায় এক ঘণ্টায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। রাত সাড়ে ১০টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ততক্ষণে শহরের বিস্তীর্ণ অংশে জল জমে যায়।উত্তর কলকাতার মানিকতলা, শ্যামবাজার, সেন্ট্রাল, গিরিশ পার্ক, উল্টোডাঙা, আহিরীটোলা, টালা ও বেলগাছিয়া-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকাতেও একই ছবি দেখা যায়। পাশাপাশি সল্টলেক, সেক্টর ফাইভ, চিনার পার্ক এবং হলদিরাম এলাকার একাধিক রাস্তাতেও জল জমে যায়।জল জমে যাওয়ার ফলে বহু রাস্তায় গাড়ির গতি অত্যন্ত ধীর হয়ে যায়। কোথাও কোথাও জল ঠেলে গাড়ি চলাচল প্রায় থমকে যায়। রাত বাড়ার পরেও শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের ছবি দেখা যায়। ফলে অফিস ফেরত মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী—সকলকেই সমস্যায় পড়তে হয়।পরিস্থিতি সামাল দিতে কলকাতার বিভিন্ন জায়গায় পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে। তবে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হয়নি। হাওয়া অফিসের তরফে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।সকাল থেকে গরম ও আর্দ্রতার অস্বস্তির পর সন্ধ্যায় আচমকা এই প্রবল বৃষ্টি কার্যত বিপর্যস্ত করে দেয় কলকাতার স্বাভাবিক জনজীবন। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

error: Content is protected !!