হাই কোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের পরিদর্শন, খতিয়ে দেখা হল অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে পরিদর্শনে গেল দমকল বিভাগের আধিকারিকরা। নির্ধারিত সময় অনুযায়ী দুপুরের কিছু পরে দমকলের একটি দল সেখানে পৌঁছে গোটা ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে। তাঁদের সঙ্গে উপস্থিত ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশও। পরিদর্শনের পর একটি বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

দমকল আধিকারিকরা ভবনের ছাদ থেকে শুরু করে বেসমেন্ট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, অগ্নি সতর্কীকরণ ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো পরীক্ষা করা হয়। তবে পরিদর্শনের পর কোনও ধরনের ত্রুটি ধরা পড়েছে কি না, সে বিষয়ে দমকল কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পুরো বিষয়টি আদালতের নির্দেশ অনুযায়ী রিপোর্ট আকারে জমা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটের ওই ভবনে থাকা একটি বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে কলকাতা পুরসভার কর্মী, পুলিশ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর দমকল বিভাগ ভবনটি পরিদর্শন করে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আপত্তি তোলে এবং ভবনের মালিককে নোটিস পাঠানো হয়। পরে সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। আদালত জানায়, ভবিষ্যতে দমকল বিভাগ পরিদর্শনে গেলে আগে থেকেই নির্দিষ্ট তারিখ জানিয়ে নোটিস দিতে হবে এবং আইন মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

হাই কোর্টের সেই নির্দেশ মেনেই কয়েকদিন আগে আগাম নোটিস পাঠানো হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দমকলের দল ক্যামাক স্ট্রিটে পৌঁছে ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শনের ভিত্তিতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা রিপোর্টে উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হতে পারে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। যদিও দমকল বিভাগ স্পষ্ট জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই পরিদর্শন করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি প্রশাসনিক নিয়ম অনুসারেই সম্পন্ন হয়েছে। এখন দমকলের রিপোর্টে কী পর্যবেক্ষণ উঠে আসে এবং আদালত পরবর্তী সময়ে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর পর্যন্ত।

error: Content is protected !!