
‘বাংলাই দেশকে পাঁচ দশক নেতৃত্ব দিয়েছে’—ন্যাশনাল লাইব্রেরিতে বাংলা ভাষা ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা অমিত শাহের
কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষাভিত্তিক জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ভাষা ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “বাংলা পাঁচ দশক এগিয়ে থেকে দেশকে নেতৃত্ব দিয়েছে। ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক জাগরণে বাংলার অবদান অনস্বীকার্য।”অনুষ্ঠানে ভাষার গুরুত্ব তুলে ধরে অমিত শাহ বলেন, “মানুষ ভাষাকে তৈরি করে না, ভাষাই মানুষকে তৈরি করে। ভাষা ছাড়া কোনও দেশের সংস্কৃতি সম্পূর্ণ হতে পারে না।” তিনি মাতৃভাষার সংরক্ষণ ও চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং বলেন, ভাষার মধ্য দিয়েই একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় বেঁচে থাকে।বাংলার গৌরবের কথা উল্লেখ করতে গিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঋষি অরবিন্দের অবদানের কথা স্মরণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, ভারতের নবজাগরণ, সাহিত্য, দর্শন ও স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা দেশের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে।এদিন উদ্বোধন করা হয় ‘শব্দলোক’-এর প্রথম পর্যায়। জাদুঘরে ভারতের সংবিধান-স্বীকৃত ২২টি ভাষার ইতিহাস, শব্দের বিবর্তন, ধ্বনির পরিবর্তন, ভাষার সাংস্কৃতিক প্রভাব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অডিও-ভিজুয়াল উপস্থাপনা রাখা হয়েছে। ভাষাবিদ, গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ দর্শকদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

