
উত্তপ্ত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্রকে করে তপ্ত হয়েছে ভাঙড়। তৃণমূল এবং ISF-এর সংঘর্ষে বৃহস্পতিবার দিনভর আলোচনার কেন্দ্রে থেকেছে এই অঞ্চল। রক্ত ঝরেছে তিন জনের। নিহত তিন জনের নাম মহিউদ্দিন মোল্লা, রশিদ মোল্লা এবং রাজু নস্কর। শুক্রবার তপ্ত ভাঙড়ে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকাল ১০টা নাগাদ রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল। তিনি ভাঙড়ে পৌঁছে বিজয়গঞ্জ বাজার এলাকা ঘুরে দেখেন। মনোনয়নকে কেন্দ্র করে এই এলাকায় ছড়িয়েছিল অশান্তি। এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বোস। ঠিক কী ঘটেছিল? এই প্রসঙ্গে তিনি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন। ভাঙড় ২ -এর বিডিও অফিসে যান রাজ্যপাল। তিনি সরাসরি বিডিওর সঙ্গে কথা বলেন। গত পাঁচ দিনে কত পুলিশ মোতায়েন ছিল, ঠিক কী ঘটেছিল, পুলিশ থাকা সত্ত্বেও কেন অশান্তি ঠেকানো গেল না? সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নেন রাজ্যপাল, জানা গিয়েছে এমনটাই। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে সওকত মোল্লা প্রসঙ্গও। তাঁরা দাবি করেছিলেন, সওকত মোল্লার হস্তক্ষেপেই অশান্তির ঘটনা ঘটেছিল। সূত্রের খবর, এরপরেই রাজ্যপাল নিজের আধিকারিকদের থেকে প্রশ্ন করেন, “সওকত মোল্লা কে?” এরপরেই তাঁকে জানানো হয়, সওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক।

