
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে মিছিল এবং জনসভার কংগ্রেসের
দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে আজ বিশাল মিছিল এবং রামলীলা ময়দানে জনসভার আয়োজন করেছে কংগ্রেস ৷ ৭ সেপ্টেম্বর ‘ভারত জোড়ো যাত্রা’ ৷ তার আগে আজ, রবিবারের রাজধানীতে ‘মেহঙ্গাই পর হল্লা বোল’-এর শোরগোল ধ্বনিত হল ৷ হাজির রাহুল গান্ধিও । দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতা, কর্মীরা জড়ো হয়েছেন দিল্লিতে ৷ ইতিমধ্যে কংগ্রেস কর্মী-সমর্থকেরা মিছিল শুরু করে দিয়েছেন ৷ তাঁরা বঙ্গ ভবন থেকে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের দিকে যাচ্ছিলেন ৷ কিন্তু মাঝপথে পুলিশ তাঁদের আটক করেছে ৷ হল্লা বোল সূচনার আগে দলের পক্ষ থেকে জানানো হয়, “‘বহুত হুই মেহেঙ্গাই কি মার, আব কি বার মোদি সরকার’- এই স্লোগান যাঁরা দিয়েছিলেন তাঁদের সরকারই আজ মুদ্রাস্ফীতিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে ৷ আর তার জেরেই সাধারণ মানুষের জীবন বিপন্ন । এটা কোনও অবস্থাতেই সহ্য করা যায় না ৷” হল্লা বোলের আগে টুইটে রাহুল লেখেন, “রাজা তাঁর মিত্রদের রোজগার বাড়াতে ব্য়স্ত ৷ প্রজারা মূল্যবৃদ্ধিতে ত্রস্ত ৷ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আগেও দশবার ভাবতে হচ্ছে ৷ এই সমস্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী ৷ আমরা এর বিরুদ্ধে সরব হব ৷ রাজাকে সেটা শুনতেই হবে ৷”

