ভারতের উপর ২৫% পর্যন্ত শুল্কের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের, নতুন বাণিজ্য চাপে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফের কড়া বাণিজ্য নীতির পথে হাঁটার ইঙ্গিত দিল। বিশ্বের একাধিক বাণিজ্যিক অংশীদার দেশের পাশাপাশি ভারতের পণ্যের উপরও সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব সামনে এসেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR)-এর সেকশন ৩০১ তদন্তের ভিত্তিতে এই প্রস্তাব করা হয়েছে। তবে জানানো হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) সম্পন্ন হলে এই শুল্ক ১৭ শতাংশে নামিয়ে আনা হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতের শিল্পনীতি, বাজারে প্রবেশের বিভিন্ন বাধা, সরকারি সহায়তা এবং কিছু অর্থনৈতিক নীতি মার্কিন শিল্প ও ব্যবসার জন্য প্রতিযোগিতামূলক অসুবিধা তৈরি করছে। বিশেষ করে ইস্পাত, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের মতো ক্ষেত্রে ভারতের নীতিকে প্রশ্নের মুখে তুলেছে ওয়াশিংটন। সেই কারণেই নতুন শুল্ক কাঠামোর প্রস্তাব আনা হয়েছে বলে মার্কিন প্রশাসনের বক্তব্য। ভারতের বাণিজ্য মন্ত্রক অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। কেন্দ্রের বক্তব্য, দেশের কোনও ক্ষেত্রেই অতিরিক্ত উৎপাদন বা অন্যায্য শিল্পনীতি অনুসরণ করা হচ্ছে না। ভারত স্পষ্ট জানিয়েছে, এই ধরনের বাণিজ্য সংক্রান্ত বিষয় চলমান ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। সরকার জানিয়েছে, আলোচনার মাধ্যমে উভয় দেশের স্বার্থ রক্ষা করেই সমাধানের চেষ্টা করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হয়, তাহলে ভারতের ইঞ্জিনিয়ারিং পণ্য, বস্ত্র, রাসায়নিক দ্রব্য, উৎপাদন শিল্প এবং অন্যান্য রপ্তানি খাত কিছুটা চাপে পড়তে পারে। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে তুলনামূলক কম শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য স্বস্তির হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোয় এবং দ্বিপাক্ষিক চুক্তি কত দ্রুত সম্পন্ন হয়, তার উপরই আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

error: Content is protected !!