
পর্নগ্রাফি সিনেমা কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করল ইডি
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থপ্রতারণার মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ এই টাকা জালিয়াতির সঙ্গে পর্নোগ্রাফিক সিনেমা বানানো এবং তা ছড়িয়ে দেওয়ার যোগ রয়েছে, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করে ২০১৯-এ ৷ ‘হটশটস’ নামের একটি অ্যাপ তৈরি করে ৷ এই অ্যাপটি পরে ব্রিটেনের কেনরিন কোম্পানিকে বেচে দেয় ব্যবসায়ী কুন্দ্রা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের এই কোম্পানির সিইও প্রদীপ বক্সি রাজের শ্যালক ৷ এরপর হটশট অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ কেনরিন-এর সঙ্গে গাঁটছড়া বাঁধে ৷ ভিয়ান-এর ১৩টি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয় ৷ হটশটস আসলে একটা পর্নোগ্রাফিক সিনেমা দেখার একটা প্ল্যাটফর্ম ৷ এই ধরনের সিনেমাগুলি ভারতে বানানো হত এবং হটশটস অ্যাপে আপলোড করে সাবস্ক্রিপশনের অফার দেওয়া হত ৷ সাবস্ক্রাইবারদের থেকে পাওয়া এই অর্থ যেত রাজ কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রির কাছে ৷ এইভাবে পর্ন সিনেমাগুলি থেকে পাওয়া অর্থ ব্রিটেন ঘুরে কুন্দ্রার কোম্পানির অ্যাকাউন্টে জমা হত৷ এর আগে পর্নোগ্রাফিক সিনেমা তৈরির অভিযোগে ২০২১-এর ১৯জুলাই রাজ কুন্দ্রা এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ২০ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট ৫০ হাজার টাকার জমানতে কুন্দ্রাকে জামিন দেয় ৷ যদিও রাজ কুন্দ্রা তাঁর বিরুদ্ধ আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

