
বিয়েবাড়ির কাজ সেরে আর ফেরা হল না! হরিণঘাটায় বাইক দুর্ঘটনায় মৃত্যু ১৭ বছরের ফটোগ্রাফারের
বিয়েবাড়িতে ফটোগ্রাফির কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ বছরের তরুণ মুন্না মণ্ডলের। শুক্রবার গভীর রাতে নদিয়ার হরিণঘাটায় ঘটে এই দুর্ঘটনা। মাত্র ১৭ বছর বয়সেই ফটোগ্রাফির কাজ করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন মুন্না। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মুন্নার বাড়ি হরিণঘাটা থানার অন্তর্গত মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের কুরুমবেলিয়া এলাকায়। শুক্রবার উত্তর ২৪ পরগনার রাজবেড়িয়া এলাকায় একটি বিয়ের রিসেপশন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে রাত আনুমানিক আড়াইটে নাগাদ বাইক নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাইকে একাই ছিলেন মুন্না।
অভিযোগ, বড়জাগুলিয়া থেকে হরিণঘাটার দিকে ফেরার পথে ভাতশালা তালতলা সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি লাইটপোস্টে গিয়ে ধাক্কা লাগে বাইকটির। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তরুণ ফটোগ্রাফার।
ভোরের আলো ফুটতেই পথচলতি মানুষ তাঁকে উদ্ধার করে দ্রুত হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিণঘাটা থানার পুলিশ। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা হাসপাতালে ছুটে আসেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির কোনও সন্ধান এখনও মেলেনি। কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাত্র ১৭ বছর বয়সে মুন্নার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কুরুমবেলিয়া। বিয়েবাড়ির কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই থেমে গেল তরুণের জীবন। তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

