
সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, নার্সিংহোম ও কারখানায় আয়কর হানা
সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই যোগ দিয়েছিলেন তৃণমূলে। বুধবার সাতসকালে সাগরদিগির সেই বিধায়ক বাইরনের বাড়ি সহ তাঁর একাধিক ঠিকানায় হানা দিল আয়কর দফতর। জানা গেছে, বুধবার সকালে সামসেরগঞ্জে বাইরনের বাড়ি, গোডাউন ও তাঁর হাসপাতালে হানা দেয় আয়কর দফতরের কর্মীরা। ঘিরে ফেলা হয় তাঁর বাড়ি। তার পরই শুরু হয় তল্লাশি। মনে করা হচ্ছে আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত কোনও গোলমালের কারণেই বাইরনের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর। মসেরগঞ্জের বাড়িটি বাইরনের বাবার নামে হলেও বাইরনে ওই বাড়িতেই থাকেন। বর্তমানে তিনি বাড়িতে আছেন।একাধিক ব্যবসার সঙ্গে জড়িত বাইরন। তাদের পারিবারিক ব্যবসা বিড়ি। সামসেরগঞ্জের যে বাড়িতে আয়কর হানা দিয়েছে সেখানেও রয়েছে বিড়ির গোডাউন। এছাড়াও তার চায়ের ব্যবসা রয়েছে। স্কুল ও হাসপাতাল রয়েছে বাইরনদের। রাজনীতির সঙ্গে জড়িত হলেও মূলত ব্যবসাই তাঁর প্রধান পেশা। আয়করের মোট ৩টি টিম তল্লাশির কাজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে। বাইরনের বাড়িতে একটি টিম রয়েছে, তাদের গোডাউনে একটি টিম রয়েছে, তাঁর হাসপাতালেও একটি টিম গিয়েছে। সবকটি ঠিকানাই কাছাকাছি।

