মার্কিন ১২.৫% অতিরিক্ত শুল্ক প্রস্তাবে আপত্তি ভারতের, একতরফা সিদ্ধান্ত না নিয়ে আলোচনায় বসার আর্জি নয়াদিল্লির

ভারতের উপর অতিরিক্ত ১২.৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। যদিও এখনও সেই প্রস্তাবে মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন মেলেনি, তবুও বিষয়টি নিয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে তৎপর হয়ে উঠেছে ভারত। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের একতরফা পদক্ষেপ দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনায় বসা উচিত।

মার্কিন বাণিজ্য দপ্তরের (USTR) অভিযোগ, বলপূর্বক শ্রম (Forced Labour) সংক্রান্ত পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ভারত-সহ প্রায় ৬০টি দেশের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব আনা হয়েছে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইৎজারল্যান্ডের মতো দেশ। অধিকাংশ দেশের ক্ষেত্রে ১২.৫ শতাংশ এবং কিছু দেশের জন্য ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কের প্রস্তাব রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, মার্কিন প্রশাসনের তদন্তে দেশভিত্তিক পর্যাপ্ত বিশ্লেষণ এবং আইনি ভিত্তির অভাব রয়েছে। ভারতের বক্তব্য, সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বলপূর্বক শ্রম রোধে দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ফলে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তুলে অতিরিক্ত শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

ভারত আরও জানিয়েছে, বাণিজ্যিক মতপার্থক্যের সমাধান শুল্ক বাড়িয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে হওয়া উচিত। বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছে নয়াদিল্লি। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শুল্ক কার্যকর হলে দুই দেশের আমদানি-রপ্তানি, উৎপাদন শিল্প এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে আরও একটি উদ্বেগের বিষয় সামনে এসেছে। মার্কিন আইনসভায় এমন একটি বিল নিয়েও আলোচনা শুরু হয়েছে, যেখানে রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। ভারত রাশিয়ার অন্যতম বড় তেল আমদানিকারক হওয়ায়, সেই বিল ভবিষ্যতে কার্যকর হলে নয়াদিল্লির সামনে নতুন বাণিজ্যিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

error: Content is protected !!