
এসএসসি মামলায় বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, মামলা শুনতেই রাজি নন বিচারপতি!
এসএসসি মামলায় এবার আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। গতকাল সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তাঁর সেই আবেদনে ত্রুটির কথা জানিয়ে গতকাল তাঁর আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সকালে ফের ডিভিশন বেঞ্চে সিবিআই জেরা এড়ানোর জন্য আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। এবার ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বিচারপতিরা। এবার প্রধান বিচারপতির কাছে গিয়েছে সেই আবেদন। তিনিই ঠিক করবেন কে শুনবেন এই মামলা। জানা গিয়েছে, এর আগে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হরিশ ট্যান্ডনের বিরু্দ্ধে এই মামলায় পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন। সম্ভবত সেই কারণেই আর এই মামলা শুনতে রাজি নন বিচারপতি হরিশ ট্যান্ডন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন কোন বিচারপতি শুনবেন তা স্থির করবেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনিই এব্যাপারে পরবর্তী পদক্ষেপ করবেন।

