অশান্ত ইম্ফল, মণিপুর সামলাতে সরকার ব্যর্থ, তোপ মোদির মন্ত্রীর

অশান্তি থামার কোনও লক্ষণ নেই। মণিপুরে আবারও হামলা চলল কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে। দিন কুড়ি আগে শুধু ঘেরাও, ভাঙচুরে সীমাবদ্ধ ছিল উন্মত্ত জনতা। এবার তাতেও তারা ক্ষান্ত হয়নি। রীতিমতো পেট্রল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের ইম্ফলের বাড়িতে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এমনকী বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তোপ দাগতে পর্যন্ত পিছপা হননি। সাফ জানিয়েছেন, মণিপুরের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকার পরিস্থিতি সামলাতে ব্যর্থ। শুক্রবার সকালেও গুলির শব্দে মুখরিত হয়ে ওঠে মণিপুর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে প্রথমে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও দফায় দফায় ঝামেলা হয়। এরপর রাতে ইম্ফলের কোংবায় কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জন সিংয়ের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। প্রথমে ভাঙচুর চালানো হয়। তারপর ছোড়া হয় পেট্রল বোমা। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। তবে নিরাপত্তারক্ষী ও দমকলের তৎপরতায় তা ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনায় কেউ হতাহত হননি। হামলার সময় অবশ্য বাড়িতে ছিলেন না কেন্দ্রীয় মন্ত্রী। দলীয় কর্মসূচি উপলক্ষ্যে কেরলের কোচিতে গিয়েছিলেন। ঘটনার খবর পাওয়ামাত্র সমস্ত কাজ বাতিল করে মণিপুরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রঞ্জন বলেন, ‘আমি স্তম্ভিত। মণিপুরের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।’কুকি ও মেইতেই জনজাতির মানুষদের মধ্যে সংঘর্ষের জেরে গত দেড় মাস ধরে উত্তপ্ত মণিপুর। শান্তি বজায় রাখতে জারি রয়েছে কার্ফু। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের নতুন করে ঝামেলা শুরু হয়েছে। কিছুদিন আগে খামেনলকে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ন’জনের। প্রতিবাদে কার্ফু উপেক্ষা করে রাস্তায় নামে উন্মত্ত জনতা। তার জেরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে বলেই অনুমান প্রশাসনের। নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিদেশ রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দুর্নীতিগ্রস্ত নই। কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে এই বাড়ি বানিয়েছি। এই হামলার সঙ্গে ধর্মের কোনও যোগাযোগ নেই। আমি হিন্দু। হামলাকারীরাও হিন্দু। এটা বিক্ষুব্ধ জনতার কাজ। গত ৩ মে থেকে লাগাতার সংঘর্ষ চলছে। তখন থেকেই রাজ্যে শান্তি ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। দুই গোষ্ঠীর মধ্যে ভুল বোঝাবুঝির জেরেই এই সমস্যা।’ সব গোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলে শান্তি ফেরানোর পথ খোঁজার কথাও বলেন কেন্দ্রীয় মন্ত্রী।  খামেনলকে দুষ্কৃতী হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। তিনি বলেন, ‘হামলাকারীদের খোঁজে কুরাংপট ও আইংগাংপোকপি সহ বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে আধা সেনা ও মণিপুর পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

error: Content is protected !!