
‘ধর্ম যার যার, বড়মা সবার’ বদলে ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি’! কালীপুজোর আগে নৈহাটিতে নতুন বার্তা
কালীপুজোর আগে নৈহাটির বিখ্যাত বড়মা মন্দিরে বদলে গেল দীর্ঘদিনের পরিচিত বার্তা। মন্দিরের নামফলকের নিচে এতদিন লেখা ছিল, ‘ধর্ম যার যার, বড়মা সবার’। সেই জায়গায় নতুন বার্তা উন্মোচন করা হয়েছে—‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি’। বৃহস্পতিবার মন্দির চত্বরে আনুষ্ঠানিকভাবে নতুন লেখাটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, মন্দির কমিটির যুগ্ম সম্পাদক কমল কুমার ঘোষ এবং মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়-সহ কমিটির অন্যান্য সদস্যরা। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন, মন্দিরের ভক্ত এবং রাজ্যের নানা প্রান্তের মানুষের কাছ থেকে পুরনো বার্তা পরিবর্তনের আবেদন আসছিল। তাঁদের আবেগ ও সনাতনী ভাবনাকে গুরুত্ব দিয়েই আলোচনার মাধ্যমে নতুন বার্তা চূড়ান্ত করা হয়েছে। কমিটির মুখপাত্রের দাবি, এই পরিবর্তনের সঙ্গে রাজ্যে রাজনৈতিক পালাবদলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, নতুন বার্তায় সনাতনী ভাবনার স্পষ্ট প্রকাশ থাকায় বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রতি বছর কালীপুজোয় নৈহাটির বড়মা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এ বছরও ৮ নভেম্বর কালীপুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৬ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত স্থায়ী মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। ১৪ নভেম্বর থেকে ফের বড়মার দর্শন ও পুজো দেওয়ার সুযোগ মিলবে। কালীপুজোর আগে মন্দিরের ফলকে এই নতুন বার্তা প্রকাশ তাই শুধু লেখার পরিবর্তন নয়, বড়মার মন্দিরের পরিচিত আবেগ ও ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার সংযোজন হিসেবেও আলোচনায় উঠে এসেছে।

