
রাজ্য বিজেপির সভাপতি হিসেবে এক বছর পূর্ণ, কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন সমীক ভট্টাচার্য
রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হওয়ায় দলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সমীক ভট্টাচার্য। এক বিবৃতিতে তিনি জানান, গত এক বছরে সকলের ভালোবাসা, আশীর্বাদ এবং অক্লান্ত সহযোগিতাই তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।তিনি বলেন, এই সময়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার স্বার্থ রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়েছেন। মানুষের আস্থা, বিশ্বাস ও সমর্থন তাঁকে আগামী দিনের লড়াইয়ে আরও অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন।সমীক ভট্টাচার্য আরও বলেন, পশ্চিমবঙ্গে উন্নয়ন, সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁদের প্রধান অঙ্গীকার। এই লক্ষ্য পূরণে দলের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি বলে তিনি মন্তব্য করেন।তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তোলা সম্ভব হবে। আগামী দিনেও মানুষের সেবা এবং রাজ্য ও দেশের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

