
তারকেশ্বরের শ্রাবণী মেলা ঘিরে প্রস্তুতি শুরু! একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশাসনের
হুগলির Tarakeswar Temple-কে কেন্দ্র করে প্রতি বছর শ্রাবণ মাসে বসে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমকে সামনে রেখে আসন্ন ২০২৬ সালের শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হল।এই বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, বিডিও, ওসি, BMOH, ফায়ার ব্রিগেডের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও। মেলা চলাকালীন নিরাপত্তা, স্বাস্থ্যব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়েই মূলত আলোচনা হয়।বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, মন্দির চত্বরের ২০০ মিটারের মধ্যে পান, গুটকা ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি পরিবেশ রক্ষার স্বার্থে প্লাস্টিক ব্যাগ-সহ সমস্ত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে।ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে শিব পুরাণের কাহিনী অবলম্বনে একটি আর্ট গ্যালারি তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়াও পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে ট্রেন সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মেলা প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প, লেডিস টয়লেট, বাইক অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স পরিষেবা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মেলা চলাকালীন অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে।প্রশাসনের দাবি, প্রতি বছরের মতো এবারও নিরাপদ ও সুশৃঙ্খলভাবে শ্রাবণী মেলা আয়োজন করাই মূল লক্ষ্য। পুণ্যার্থীদের সুবিধা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।সব মিলিয়ে, ২০২৬-এর তারকেশ্বর শ্রাবণী মেলাকে ঘিরে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করল প্রশাসন।

