
অশান্তি কমায় হাওড়া চালু হল ইন্টারনেট পরিষেবা, তবে বুধবার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা
গত কয়েকদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া ৷ রাজ্যের অন্য কয়েকটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ফলে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ অশান্তি কমায় ছন্দে ফিরছে হাওড়া। সোমবার সকাল থেকে ফের তা চালু হয়েছে ৷ যদিও পাঁচলা, উলুবেড়িয়া, ধুলাগড়, অঙ্কুরহাটি মোড় সহ একাধিক জায়গায় আগামী ১৫ জুন, বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। হাওড়াবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। গোটা বিষয়টি কড়া হাতে মোকাবিলা করতে পথে নেমেছেন হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়াও ।
প্রসঙ্গত, হাওড়ার অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে ও হিংসার উপরে নিয়ন্ত্রণ আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্ন থেকে। সেই মতো জেলা জুড়েই বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা । ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বহু মানুষ চাকরি বাঁচাতে গঙ্গাপাড়ে গিয়ে অফিস সারেন । অনেক ব্যবসায়ীরা কলকাতা ও হুগলি জেলাতে আত্মীয়দের বাড়িতে গিয়ে তাঁদের ব্যবসার কাজ করেন । ইন্টারনেট বন্ধের কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছিলেন অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্তরা। পরিষেবা বন্ধ থাকার জন্য অনলাইনে অর্থ লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ ছিল । সোমবার সকাল থেকে ফের ইন্টারনেট চালু হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়াবাসী ৷ বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে হাওড়া ও মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে ওঠে । হাওড়ার সলপ, ডোমজুড়, কোনা এক্সপ্রেসওয়ে দফায় দফায় অবরুদ্ধ হয় । সড়কপথের পাশাপাশি অবরোধ হয় রেলপথেও ৷ হাওড়া দক্ষিণ শাখার একটি লাইনে টায়ার এবং কলাপাতা ফেলে অবরোধ করা হয় । ফলে ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত যাত্রী ও অন্যান্য যাত্রীদের ৷

