
জীবনদায়ী রক্তের দামও বাড়াল কেন্দ্র
এবার পালা জীবনদায়ী রক্তের মূল্যও বৃদ্ধি করল কেন্দ্র। কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ বাড়ল ৫০ থেকে ১০০ টাকা। সরকারি ব্লাড ব্যাঙ্ক কে বেসরকারি হাসপাতালের রোগীদের জন্য রক্ত নিতে হলে, ডোনার কার্ড না থাকলে এতদিন দিতে হতো ইউনিট পিছু ১ হাজার ৫০ টাকা। এখন তা বেড়ে হল ইউনিট পিছু ১১০০ টাকা। আর বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া রক্ত নিতে হলে এতদিন ইউনিট পিছু হোল ব্লাডের দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা। তা বেড়ে হল ১ হাজার ৫৫০ টাকা। একইভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে ইউনিট পিছু সরকারি ও বেসরকারি ক্ষেত্রে যার মূল্য ছিল ১ হাজার ৫০ টাকা ও ১ হাজার ৪৫০ টাকা। তা বেড়ে হল যথাক্রমে ১ হাজার ১০০ টাকা এবং ১ হাজার ৫৫০ টাকা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, চড়া বাজারে সংসার চালাতে মানুষের কালঘাম ছুটছে। এই অবস্থায় জীবনদায়ী রক্ত কিনতে যদি আরও বেশি দাম দিতে হয় তাহলে মানুষ যাবে কোথায়। মোদি সরকার কী আমজনতার রক্তচুষে খেতে চাইছে, প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী মানুষেরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডাঃ অনিল কুমার গত মঙ্গলবার এই নয়া নির্দেশ জারি করেছেন। সেই নোটিসেই জানানো হয়েছে, ওইদিন থেকেই এই দাম লাগু হওয়ার কথা। দ্রব্যমূল্য বৃদ্ধির চড়া বাজারে রক্তের মতো জীবনদায়ী সামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে চটে লাল স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্মীরা। আবার মোদি সরকারের এই সিদ্ধান্তের জন্য কলকাতা সহ বাংলা জুড়েই দাম বেড়েছে রক্তের। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা মানতে নারাজ রাজ্য সরকার। ফলতঃ রাজ্যে এখনি বাড়ছে না রক্তের দাম।

