প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা ও তদন্তের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মানিক ভট্টাচার্যকে ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন ডঃ গৌতম পাল । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তিনি ৷সূত্রের খবর, বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি হয়েছে। অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ অন্যান্যরা। নতুন এই কমিটি নিয়েই শিক্ষা দফতরের অন্দরে চলছে জোরদার চর্চা।  উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য । কিন্তু তাঁর আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । অবশেষে মানিক ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরানো হল ।

error: Content is protected !!