```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদল, বিশ্বভারতী ক্যাম্পাসে এখনই পর্যটক প্রবেশে অনুমতি নয়, ফের বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের

এখনই ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতন আশ্রম পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না ৷ বিশ্বভারতীর উপাচার্যের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ । তবে দ্রুত পর্যটকদের প্রবেশাধিকার নিয়ে নিয়ম তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে । এছাড়া, কেউ যদি আশ্রম এলাকা ঘুরে দেখতে চান, দুই সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিককে ইমেল মারফৎ আবেদন করতে হবে ৷ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “বিশ্বভারতী ঘুরে দেখবেন পর্যটকেরা, কিন্তু তার জন্য বেশ কিছু পরিকাঠামো বা নিয়ম তৈরি করতে হবে ৷ যাতে আশ্রম সুরক্ষিত থাকে ৷ তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কতদূর পর্যন্ত পর্যটকেরা প্রবেশ করতে পারবেন, কোন সময় প্রবেশ করতে পারবেন ইত্যাদি বিষয় ।” আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকেরা । তবে তা দুপুর ২ টোর পর থেকে আশ্রম ঘুরতে পারতেন । ২০২০ সালে কোভিড পরিস্থিতির সময় থেকে আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর পর্যটকদের জন্য আশ্রম খুলে দেওয়া হয়নি ৷ তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দূরত্ব বেড়েছিল রাজ্য সরকারের । তাই তিনি আর পর্যটকদের জন্য বিশ্বভারতীর দরজা খোলেননি ৷ এরই মাঝে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দেয় ইউনেসকো । বিশ্বভারতী বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয়, যা পঠনপাঠন চলা অবস্থাতেই এই তকমার অধিকারী হয়েছে ৷ ২১ মার্চ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ‘ওয়ার্ল্ড হেরিটেজ ও টুরিজম’ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা ছিল ৷ সেই আলোচনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য প্রবীরকুমার ঘোষ । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেছিলেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে হেরিটেজ প্রাঙ্গণ ৷ এই ঘোষণার পর শোরগোল পড়ে গিয়েছিল ৷ দীর্ঘ ৫ বছর পর আশ্রম প্রাঙ্গণ খোলার ঘোষণা হয়েছিল ৷ কিন্তু, এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল বিশ্বভারতী কর্তৃপক্ষের ৷ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়ে দেন, এখনই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না আশ্রম প্রাঙ্গণ ৷ এর কারণ হিসাবে বিশ্বভারতীর যুক্তি, আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷ তবে তা পর্যাপ্ত পরিকল্পনা, পরিকাঠামো ও নিয়ম তৈরি করার পর ৷ কারণ, ইউনেসকোর একটি নির্দিষ্ট গাইড লাইন আছে ৷ সেগুলি মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ তবে দ্রুত পর্যটকদের জন্য খোলা হবে হেরিটেজ এলাকা ৷ কত দূর পর্যন্ত পর্যটকেরা যেতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া থাকবে ৷ এছাড়া, কেউ যদি শান্তিনিকেতন আশ্রম এলাকা ঘুরে দেখতে চান তাহলে কমপক্ষে দুই সপ্তাহ আগে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিককে ইমেল মারফত আবেদন করতে হবে । [email protected] এই ইমেল আইডে আবেদন করতে পারবেন পর্যটকেরা ৷ অনুমতি পেলে তবেই আশ্রমের কোর জোন ঘুরতে পারবেন পর্যটকেরা ।

error: Content is protected !!