
প্রতিবেশী দেশকে আক্রমণ না করার সিদ্ধান্ত, ইরানকে কটাক্ষ ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই প্রতিবেশী দেশগুলিকে আর আক্রমণ না করার ইঙ্গিত দিল ইরান। দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ইরানের বিরুদ্ধে ওই দেশগুলির মাটি ব্যবহার করে হামলা না হলে ভবিষ্যতে তাদের লক্ষ্য করে আক্রমণ করা হবে না। পাশাপাশি সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশগুলির কাছে দুঃখপ্রকাশও করেছে তেহরান।এই ঘোষণার পরই কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের চাপের মুখেই ইরান এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অনেকটাই কমে গিয়েছে।এতেই থেমে থাকেননি তিনি। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের অবস্থান না বদলালে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের জেরে গত কয়েক দিনে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ইরানের এই ঘোষণা পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা বলেই মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ।


