নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার, বহুতলের হোটেলগুলির অনুমতি নিয়ে প্রশ্ন

কলকাতা: মধ্যরাতে নিউমার্কেট এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর সামনে এসেছে একাধিক অব্যবস্থার ছবি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি একাধিক বিষয়ে প্রশ্ন তোলেন এবং তৃণমূল পরিচালিত পুরবোর্ডের আমলে নিয়ম না মেনেই হোটেলগুলিকে কীভাবে অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে তদন্তের দাবি জানান।
ঘটনাস্থলের বহুতলটিতে একাধিক হোটেল চলত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সেখানে ছিল প্রচুর ঘুপচি ঘর, সংকীর্ণ জায়গা এবং বহু সংখ্যক এসি। অগ্নিকাণ্ডের সময় এই পরিস্থিতিই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং দমকলের নির্দেশিকা যথাযথভাবে মানা হয়েছিল কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, একটি বহুতলের মধ্যে এতগুলি হোটেল কীভাবে চলছিল এবং এত সংখ্যক এসি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতি কীভাবে দেওয়া হয়েছিল। একইসঙ্গে তাঁর প্রশ্ন, কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় হোটেলগুলিকে ট্রেড লাইসেন্স দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মকানুন যথাযথভাবে যাচাই করেছিল কি না। সিইএসসি কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। মন্ত্রীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের হোটেলগুলির অনুমোদন এবং দমকলের ছাড়পত্র নিয়ে অনিয়ম হয়ে থাকতে পারে। তবে অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। এই ঘটনার পর কলকাতা পুরসভার আওতাধীন হোটেলগুলির অডিট করার কথাও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। নিয়ম মেনে হোটেলগুলি চলছে কি না, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না এবং প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
ঘটনার তদন্তে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ডিসিডিডির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি দমকল বিভাগের তরফেও অভিযোগ জানানো হয়েছে। বহুতল এবং হোটেলের মালিকদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
নিউমার্কেটের এই অগ্নিকাণ্ডের পর শহরের অন্যান্য বহুতল ও হোটেলের অগ্নিনিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। একই ভবনে একাধিক হোটেল, ঘিঞ্জি ঘর, বিপুল সংখ্যক এসি এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে বিপদের ঝুঁকি কতটা বাড়তে পারে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলে অনুমোদন, ট্রেড লাইসেন্স এবং অগ্নিনিরাপত্তা সংক্রান্ত গাফিলতির বিষয়ে আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে।

error: Content is protected !!