
“অভিষেকের প্রাসাদে থাকবেন গৃহহীনরা” — বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পশ্চিমবঙ্গ বিধানসভায় জোরালো ভাষণে দুর্নীতি ইস্যুতে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে দুর্নীতি, মাফিয়ারাজ ও তোলাবাজির বিরুদ্ধে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। পাশাপাশি দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে অভিযোগ থাকা সম্পত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন।বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অধিবেশনেই সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম সংক্রান্ত বিল আনার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন মিললে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিনের ভাষণে তিনি আরও বলেন, কলকাতার বিভিন্ন ফ্লাইওভারের নিচে যাঁরা গৃহহীন অবস্থায় রাত কাটান, তাঁদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে এবং হরিশ মুখার্জি ও হরিশ চ্যাটার্জি রোডের উল্লেখ করে মন্তব্য করেন যে সেই এলাকার ‘প্রাসাদে’ তাঁদের রাখা হবে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।উল্লেখ্য, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি রয়েছে। এই মন্তব্যের পর রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, বিরোধী শিবিরের তরফে এই বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

