
বন্ধুরা পেলেন সরকারি চাকরি, দীর্ঘদিন চেষ্টা করেও ব্যর্থ তুফান! চাকরির হতাশায় চরম পরিণতি
নদিয়ার চাকদহে মর্মান্তিক ঘটনা। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন যুবক তুফান মজুমদার। তাঁর সঙ্গে পড়াশোনা করা বন্ধুদের অনেকেই ইতিমধ্যে রাজ্য পুলিশে চাকরি পেয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন চেষ্টা ও পড়াশোনা করেও চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তুফান বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার সকালে চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুরের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ তৈরি হয়। এরপর দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকতেই তুফানের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে। চাকদহ থানার বিষ্ণুপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের অনুমান, দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার হতাশা থেকেই তুফান চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তাঁর সঙ্গে পড়াশোনা করা একাধিক বন্ধু ইতিমধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে প্রস্তুতি চালিয়েও নিজের চাকরি না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তুফান বলে পরিবারের দাবি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। চাকরির হতাশার পাশাপাশি ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তুফানের বন্ধুদের সঙ্গেও কথা বলার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

