
মেসি-ম্যাচে টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিটের ঘোষণা
মেসিকে দেখতে এসে টিকিট কেটেও যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে না-পারা দর্শকদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে ওই দর্শকদের জন্য ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত ডিসেম্বরের মেসি-ইভেন্টে যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন কিন্তু বিশৃঙ্খলার কারণে মাঠে ঢুকে আর্জেন্টাইন তারকাকে দেখতে পারেননি, তাঁদেরই এই বিনামূল্যের টিকিট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করে চূড়ান্ত করা হবে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট দর্শকদের কাছে বিনামূল্যের টিকিট সংক্রান্ত নোটিফিকেশন পৌঁছতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে যুবভারতীতে মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। অতিরিক্ত ভিড়, দর্শকদের ক্ষোভ এবং মাঠে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার জেরে বহু টিকিটধারী দর্শক মেসিকে ঠিকমতো দেখতে পারেননি। পরবর্তীতে টিকিটের টাকা ফেরতের দাবিও জোরালো হয়েছিল। গত আগস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রায় ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতেই উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচে বঞ্চিত দর্শকদের প্রবেশের সুযোগ করে দেওয়ার ঘোষণা সামনে এল। শনিবার ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের পর মেসি-পর্বের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, এবার ফিফার নিয়ম মেনেই যুবভারতীতে ম্যাচ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ভারতীয় ফুটবল দলের পাশে রাজ্য সরকার থাকবে বলেও তিনি জানান। ৬ অক্টোবরের ভারত-উরুগুয়ে ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

